দৈনিক আলাপন

কলেজে যোগ দিতে গিয়ে অধ্যক্ষের ওপর হামলা, পুড়ল মোটরসাইকেল

নওগাঁর রাণীনগরে কলেজের জিএম মাসুদ রানা জুয়েল অধ্যক্ষকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা অধ্যক্ষের ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গনে এই ঘটনাটি ঘটে।জিএম মাসুদ রানা জুয়েল ওই কলেজের অধ্যক্ষ ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পট পরিবর্তনের পর তিনি কলেজে অনুপস্থিত ছিলেন। তিনি উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা।জানা যায়, অধ্যক্ষ জিএম মাসুদ রানা আজ বেলা সাড়ে ১১টার দিকে কলেজে আসেন। কলেজে প্রবেশ করার সময় কিছু লোক তাকে কলেজে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। লোকজনের বাধা উপেক্ষা করে অধ্যক্ষ মাসুদ রানা তার কক্ষে প্রবেশ করেন। দুপুর ১২টার দিকে ৩০ থেকে ৪০ জন লোক অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খলা তৈরি করেন। এরপর তাকে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে মারধর করতে শুরু করে। মারধরের একপর্যায়ে অধ্যক্ষ মাসুদ রানা অজ্ঞান হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা অধ্যক্ষ মাসুদ রানার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুত্বর আহত অধ্যক্ষ মাসুদ রানাকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবাদপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ জানান, কলেজের বিভিন্ন পদে চাকুরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে বেশ কয়েকজন ভুক্তযোগী গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এবং ৫ আগস্টের পর মহাবিদ্যালয়ে উপস্থিত না থাকায় অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েলকে গত প্রায় দুই বছর আগে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর মাসুদ রানা জুয়েল উচ্চ আদালত থেকে চাকুরিতে পূর্নবহালের আদেশ পান। আদেশের প্রেক্ষিতে এবং মহাবিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে রোববার মাসুদ রানা জুয়েল মহাবিদ্যালয়ে যোগদান করতে আসেন।তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে মাসুদ রানা জুয়েল অফিস রুমে বসে চা পান করছিলেন। এ সময় বেশ কিছু লোকজন এসে অফিসরুম থেকে মাসুদ রানাকে টেনে হিঁচরে বের করে মারধর শুরু করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলাকারী কারা ছিলেন এটা বলতে পারেননি তিনি।অধ্যক্ষ মাসুদ রানা জুয়েলের ভাই প্রিন্স আহম্মেদ বলেন, আমার ভাই মাসুদ রানা জুয়েল কলেজে যোগদান করতে গেলে বেশ কিছু লোকজন তাকে এবং আমাকেও বেধরক মারধর করে মোটরসাইকেলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। তাদের মারধরে ভাই মাসুদ রানা জুয়েলের এক হাত এবং এক পা ভেঙ্গে গেছে। বর্তমানে মাসুদ রানা জুয়েল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অধ্যক্ষ মাসুদ রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু লোক আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলে আমাকে লাঞ্চিত করে কলেজ থেকে বের করে দেয়। পরবর্তীতে কলেজের ম্যানেজিং কমিটি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট পিটিশন করি এবং পরবর্তীতে শুনানি করে হাইকোর্ট আমাকে কলেজে যোগদান করার জন্য নির্দেশ দেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে যোগদান করতে যাই। তিনি আরও বলেন, কলেজে ঢুকতেই বহিরাগত কিছু লোক কলেজ ক্যাম্পাসে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা আমাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন। এরপরেও সেই বাধা উপেক্ষা করে আমি আমার কক্ষে প্রবেশ করি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহউদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝিয়ে নেওয়ার সময় বহিরাগত ৩০-৪০ লোক কক্ষে প্রবেশ করে আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কক্ষ থেকে টেনেহেঁচড়ে বের করে আমাকে লাঠি ও রড দিয়ে মারতে শুরু করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে কলেজ মাঠে ফেলে রেখে চলে যায়। তারা আমার মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি মামলা করব। আবাদপুকুর কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে ছিলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট থেকে মারধরের খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার সাথে কারা জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও ঘটনার সাথে কারা জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

কলেজে যোগ দিতে গিয়ে অধ্যক্ষের ওপর হামলা, পুড়ল মোটরসাইকেল