উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
সৈয়দপুরে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পূজামন্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে আনসার ও ভিডিপি সদস্যদের। একইসাথে বলা হয়েছে সকলের সাথে সম্প্রীতি বজায় রাখার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সৈয়দপুর ফাইভ স্টার মাঠে ব্রিফিং প্যারেডে ওই নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.হামিদুর রহমান। অনুষ্ঠানে দুর্গাপূজার প্রতিটি মন্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্রিফিং প্যারেডের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল হক, পিভিএমএস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা। প্যারেডে প্রধান ও বিশেষ অতিথি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন পালনের জন্য আমাদের দায়িত্ব হবে প্রতিটি পুজামন্ডপে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যই আপনাদেরকে আগামি ৬ দিন নিরলসভাবে দায়িত্ব পালন করতে হবে। তারা বলেন পুজামন্ডপে আসা কোন দর্শনার্থী যাতে হয়রানির শিকার না হয়,সেদিকটা খেয়াল রাখতে হবে। তারা বলেন, যে কোন সমস্যা দেখা দিলে পুজামন্ডপ কমিটিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এজন্য প্রয়োজনীয় সকল মোবাইল নাম্বার মন্ডপে মন্ডপে দেওয়া হয়েছে। ব্রিফিং প্যারেডে আনসার ভিডিপির কর্মকর্তা ছাড়াও সৈয়দপুর উপজেলায় ৮৮টি দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব পালনে নিয়োগ হওয়া ৫৬২ জন আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।