উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন হলেও এখনই কাজ শুরু হচ্ছে না। প্রকল্পের অর্থ ছাড় পেতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগতে পারে। অর্থ ছাড়ের পর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে 'রংপুর নগরবাসী'র ব্যানারে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।প্রশাসক ডন বলেন, প্রকল্পের অর্থ পেতে ন্যূনতম তিন থেকে চার মাস সময় লাগবে বলে আমরা আশা করছি। অর্থ ছাড় হলে এরপর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে। তাই আগামীকাল থেকেই রংপুর সিটি করপোরেশনের উন্নয়নকাজ শুরু হয়ে যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে কাজ শুরু হলে আপডেট ২ মাস পর পর জনগণকে দেয়া হবে।নগর উন্নয়নে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি নগরের নাগরিকদের কাছ থেকে সরকার কর আদায় করে। সেই অর্থের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়। নাগরিকেরা নিয়মিত কর প্রদান করলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে এবং নগরবাসীকে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।নিজের দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসক ডন বলেন, বিগত পাঁচ বছরে সিটি করপোরেশনের বার্ষিক আয় ছিল প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকা। এই সীমিত আয় দিয়ে নগরবাসীর সব অধিকার ও প্রত্যাশা পূরণ করা কঠিন। তাই সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর পাশাপাশি হাটবাজারসহ বিভিন্ন রাজস্ব উৎস ব্যবস্থাপনায় সচেতন হতে হবে।তিনি আরও বলেন, রংপুর নগরীকে একটি সুন্দর ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নগরবাসীর জীবনমান পরিবর্তনে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।প্রশাসক ডন আরও বলেন, রংপুরের উন্নয়নে অনুমোদিত ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ। এ উন্নয়ন বরাদ্দের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে উৎসাহ প্রদানের জন্যও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সদস্য কাওছার জামান বাবলা, বিএনপি নেতা ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও জাসাস ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।