উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থায়নে একটি গাইডওয়াল নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ক্ষোভ ও বাধার মুখে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (৭ অক্টোবর) দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই গাইডওয়াল নির্মাণে যেসব ইট ব্যবহার করা হচ্ছে, তার একটি বড় অংশ নিম্নমানের এবং ব্যবহার অনুপযোগী। এই ধরনের সাব-স্ট্যান্ডার্ড ইট দিয়ে কাজ হলে অল্প দিনেই স্থাপনাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে স্থানীয়রা কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবেন।এলাকাবাসীর ভাষ্যমতে, ভুতছাড়া গ্রামের রাস্তাটি বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটলেও রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রাস্তাটির সংস্কার ও গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর শুরুতেই ঠিকাদারি অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি সামনে চলে আসে।স্থানীয়রা এ কাজে জড়িতদের বিচার দাবি করে বলেন সরকারি উন্নয়ন প্রকল্পে জনসাধারণের কষ্টার্জিত অর্থের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা যায় না। নির্মাণকাজে ব্যবহৃত প্রতিটি উপকরণের গুণগত মান পরীক্ষা করে তবেই যেন কাজ পুনরায় শুরু করা হয়, সেই দাবি জানান তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে সশরীরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাইডওয়াল নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে এ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।