উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা হবিবুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানএ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় চারজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবিবুর রহমান ঢাকা থেকে এসে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মারা যান।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৪০ জন, দিনাজপুরে ১৬, নীলফামারীতে ১৫, লালমনিরহাটে ১৩, গাইবান্ধায় ১২, কুড়িগ্রামে ৩ এবং ঠাকুরগাঁও জেলায় ২ জন রোগী রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য মতে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৫১ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন দুই হাজার ২২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন রোগী।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলেই চলবে না, বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।