উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখা প্রবীণদের প্রতি সম্মান, মর্যাদা ও দায়িত্বশীল আচরণের আহ্বানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুর্তজা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।পরে সকাল ১১টায় মুর্তজা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন নাহার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরী।আলোচনা সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় না। বরং প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান পরিবার, সমাজ ও নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই বার্ধক্যে পৌঁছানো মানুষকে অবহেলা বা একাকিত্বের মধ্যে না রেখে তাদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।তারা বলেন, প্রবীণদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উন্নত চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার পাশাপাশি পরিবারে তাদের যথাযথ সম্মান দিতে হবে। একই সঙ্গে প্রবীণদের অধিকার এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সমাজে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।সভায় বক্তারা আরও বলেন, বার্ধক্য জীবনের স্বাভাবিক পরিণতি। এ সময় প্রবীণদের শারীরিক ও মানসিক প্রয়োজনের প্রতি পরিবারের সদস্যদের সংবেদনশীল হওয়া জরুরি। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাজে লাগানোর সুযোগ তৈরি করা গেলে পরিবার ও সমাজের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সদস্য, বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।