উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তেল উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। এ সময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক উপস্থিত ছিলেন।জানা গেছে, কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।