উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার এ প্রতিযোগিতা শেষ হবে। এই সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, ইসলামিক সংগীত ও গজল, হামদ ও নাত, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা। আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও বৈচিত্র্যময় সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় ক্ষুদে ও তরুণ শিল্পীদের দক্ষতা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতাটি ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।