উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ ||
দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মুঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাঁরা ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন মুঘল আমলের ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরে তাঁরা ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শনে যান। পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এসব স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান দুই মন্ত্রী।সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাট দুর্গ দ্রুত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, সে পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।”এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।