উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ ||
জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এ চ্যাম্পিয়ন রংপুর প্রমিলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)- সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি ও দলের ম্যানেজার শামীম খান মিসকিন এবং ডিএফএ'র কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান।এ সময় প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, একজন খেলোয়াড় ভালো খেলার মাধ্যমে শুধু নিজের গ্রাম পরিচিত করে তোলে না। বড় ভালো খেলোয়াড়দের মাধ্যমে জেলা ও দেশের পরিচিতি বাড়ে। বিশ্বে অনেক দেশ আছে যাদেরকে মানুষ শুধু খেলার কারণেই চেনে। আমরা চাই রংপুরের মেয়েরা ক্রীড়াঙ্গনে একের পর এক যে গৌরবময় অর্জন এনেছে, তা যেন অব্যাহত থাকে। সরকার তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই, যাতে আমাদের রংপুরের সুনাম ও অর্জন দেশ বিদেশে ছড়িয়ে পড়ে।অনুষ্ঠানের আয়োজক ও ডিএফএ রংপুরের সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের মেয়েরা হেক্সামিশন নিয়ে টাঙ্গাইলে খেলতে গিয়েছিল। আমি তাদের উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাতে পুরষ্কার দিতে চেয়েছিলাম। মেয়েরা বিজয়ের শিরোপা নিয়ে ফিরে এসেছে, এটা আমাদের জন্য বড় অর্জন। আজ তাদেরকে সংবর্ধিত করতে আমার ভালো লাগছে। আগামীতেও ফুটবল ও ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরে রংপুর এগিয়ে যাবে, এখানকার খেলোয়াড়দের এবং জেলার সুনাম হবে__আমরা সেটাই দেখতে চাই। এসময় তিনি প্রমিলা ফুটবলের বিকাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রমিলা দল কোচ ও ম্যানেজারসহ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ডিএফএ সভাপতির পূর্ব প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী উপহার হিসেবে প্রত্যেককে নতুন ব্লেজার প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শেষে অতিথিদের সাথে নৈশভোজে অংশ নেন প্রমিলা দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তাগণ।এসময় অন্যান্যের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আফজাল হোসেন টিটু, বাফুফের কোচ মিলন মিয়া, প্রমিলা ফুটবল দলের কোচ রুমা আক্তার, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফরহাদুজ্জামান ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।প্রমিলা দলের কোচ রুমা আক্তার জানান, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ছিল রংপুর দল। এবার আমরা ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের মধ্য দিয়ে হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এটা যেমন আনন্দের তেমনি গৌরবেরও। তিনি আরও বলেন, আমাদের মেয়েরা জাতীয় দলে জায়গা করে নিয়ে দেশের সুনাম ও অর্জন ধরে রাখতে নিজেদের আগামীর জন্য প্রস্তুত করতে সকলের পৃষ্ঠপোষকতা চায়। তারা ভালো খেলছে, এখন শুধু পৃষ্ঠপোষকতা দরকার, যাতে করে তাদের স্বপ্নগুলো থমকে না যায়।উল্লেখ্য, গত ১৭ আগস্ট জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এর ফাইনালে স্বাগতিক টাঙ্গাইলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর প্রমিলা দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় শিরোপার লড়াই। সেখানেই গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করে রংপুর।