উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ||
কুড়িগ্রামের রৌমারীতে রাতের অভিযানে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। শুক্রবার আসামিদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জানাযায়, বৃহস্পতিবার রাত্রিকালীন বিশেষ চৌকস অভিযান টিম রাত সাড়ে ১১ টায় রৌমারী থানাধীন ঝগড়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১২ জনকে নগদ ১০ হাজার ৪০ টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মহিউদ্দিন (৫০), আনিছুর রহমান (২৭), মানিক মিয়া (৪৩), মানিক মিয়া ওরফে ফকির (২৮), ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), হাসেম মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪৫)। তাদের সবার বাড়ি রৌমারী থানার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে রৌমারী থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। এক সপ্তাহ পূর্বে জুয়ার আসর থেকে এক লাখ ৫৬ হাজার টাকা সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুতে অপর এক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই আইনে সকল ধারাই জামিন অযোগ্য অপরাধ। জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।