উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ||
মাত্র পাঁচ টাকায় রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে গঙ্গাচড়া স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ। সংগঠনটির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। পাশাপাশি শারীরিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে। শিশুদের জন্যও রাখা হয়েছে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।আয়োজকরা জানান, জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক মানুষ এখনো নিজের রক্তের গ্রুপ জানেন না। অন্যদিকে অসচ্ছল পরিবারের অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্বল্প খরচে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।সংগঠনটির সদস্যরা বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে রক্তদান, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার একটি কার্যকর পরিবেশ গড়ে তুলতে চান তারা।ক্যাম্প আয়োজনে আব্দুল্লাহ আল আরমান, সামিরা আক্তার শানু, রাদিয়ান আহমেদ, জাকারিয়া মাহাফুজ জিম, আদিব বাবু, অংকন আহমেদ, উম্মেহানি ও মোছা. সুমি আক্তারসহ সংগঠনের আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য কাজ করছেন।আয়োজকদের প্রত্যাশা, পাঁচ টাকার এই প্রতীকী ফিতে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ক্যাম্পটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গঙ্গাচড়ার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।