উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ||
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী ও রুহিয়ায় এবং বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় ২৪ঘন্টায় পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজন সাপের কামড়ে ও বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় হাবিবা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ভূল্লী উপজেলার কুমারপুর মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, পঞ্চগড় থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৬৩৭) ও ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীগামী ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন। আহতরা হলেন, ভূল্লীর মুজাবর্ণী সরকারপাড়ার হাবিবা আক্তার (২০), শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬) ও নাজমা বেগম (৭০) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।দুর্ঘটনার পর ভূল্লী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তার (২০) নামে এক তরুণী মারা যায়।এদিকে, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল (দোগাছি) গ্রাম থেকে তাশফিয়া আক্তার শেফার (১৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, কলেজে ভর্তি হওয়া নিয়ে সোমবার রাতে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে সে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে মঙ্গলবার ভোরে মুন্না (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাবা দুলাল হোসেন পুলিশকে জানান, মুন্না ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল। সে নেকমরদ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বাবার চায়ের দোকানে রাতে থাকতো। মঙ্গলবার ভোরে মা দোকানে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।সোমবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রাম থেকে সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ভাষ্য, সোমবার দুপুরের পর বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমাইয়া শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।একই দিন ভূল্লী উপজেলার জালালী গ্রাম থেকে ফারজানা ফেরদৌস রিমি (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দিনাজপুর সরকারি কলেজ থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছিল। তাঁর বাবা ফজলুল করিমের ভাষ্য, সোমবার দুপুরের পর তিনি ও তাঁর স্ত্রী বাড়ির বাইরে যায় এবং বিকেলে ফারজানাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর কাছে প্রাইভেট পড়তে আসা এক ছাত্রী।এছাড়া রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামে সোমবার রাতে সাপের কামড়ে নারায়ণ রায় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য, সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁর চিৎকার শুনে স্বজনেরা ছুটে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি জানতে পারেন। প্রথমে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।এ ছাড়া রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বগুড়াপাড়া গ্রামে সোমবার রাতে বিদ্যুতায়িত হয়ে শফিক ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বলিদ্বারা বাজারে চার্জার ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করতো। সোমবার রাতে অটো রিক্সাভ্যানে চার্জ দেওয়ার সময় সে বিদ্যুতায়িত হয়। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।