উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ||
নীলফামারীর ডিমলায় পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবক আহত হলে তাকে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং সেন্টারে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ফোর্স পৌঁছে পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িককভাবে স্থগিত করে ঘটনা নিয়ন্ত্রণ করেন। গ্রাহকগণ অনেকেই অভিযোগ করে বলেন, রোববার রাতে সরকারের তেলের দাম পুননির্ধারনের ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টা থেকেই পাম্প বন্ধ করে কর্মচারীরা কেটে পড়েন। পরে রাত ১২টায় পাম্প মালিক শাহ আলম মেশিনে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে গ্রাহকেরা প্রতিবাদ জানান এবং আগের নির্ধারিত মূল্যে তেলের দাবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল এনে গ্রাহকদের ওপর চড়াও হন। এবিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয় পাম্প মালিক কিংবা গ্রাহকের কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করা হবে বলে জানান। এ প্রসঙ্গে পাম্প মালিক শাহ আলম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গ্রাহকরা রাত ১২ টার পর জ্বালানী তেল ক্রয় করে রাত ১০ টার পূর্বের টাকা দামে টাকা দিতে চাহিলে তাদের সাথে আমার হাতাহাতি হয়। তিনি আরও জানান, তার পাম্পে ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছেন।