উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলাপন প্রতিবেদক, নীলফামারীঃ ||
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নীলফামারী জেলা দলিল লেখক সমিতির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নীলফামারী জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকারের সঞ্চালনায় সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা তাদের ৭ দফা দাবি মেনে নিয়ে দলিল লেখকদের কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি গুলো হলো দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ, এবং লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রি করার জন্য দাখিল নিষিদ্ধ করা। এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে কার্যালয়গুলোতে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা, জমি ক্রেতা-বিক্রেতার সরবরাহকৃত কাগজপত্রের ভুলের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদানের জোর দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা আরো বলেন, তাদের এই ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে জেলা ও উপজেলার দলিল লেখকগন উপস্থিত ছিলেন।