উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।জলঢাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মনি (২০) ও পলাস চন্দ্র রায় (২৪)। তারা স্বামী-স্ত্রী। বিকেল ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের দিঘীরপাড় কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মনি ও পলাস মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে হুমাউন কবির (১৩) নামে এক স্কুলছাত্র। রোববার বিকেলে রংপুর-জলঢাকা সড়কের গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হুমাউন কবির গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে এবং রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয়রা জানান, বিকেলে সাইকেলে করে ফটোকপি করতে ধরেয়ার বাজারে যাচ্ছিল হুমাউন। এ সময় জলঢাকার দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর স্কুল ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।