উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ ||
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী শ্মশান মাঠে অনুমোদন ছাড়াই ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’ আয়োজনের অভিযোগ উঠেছে। মেলায় বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি জাদু খেলার স্টেজে তিন নারীকে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। এদিকে সন্ধ্যার পর মেলায় স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুটিমারী শ্মশান মাঠের বিশাল এলাকাজুড়ে মেলা বসানো হয়েছে। প্রবেশপথে একটি বৃক্ষের স্টল থাকলেও পুরো মাঠে রয়েছে প্রায় ৫০টি বিভিন্ন পণ্যের স্টল। পাশাপাশি বসানো হয়েছে নাগরদোলা, নৌকা দোলনাসহ বিভিন্ন বিনোদনমূলক খেলনা। এর মধ্যে কয়েকটি খেলনা ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়দের অভিযোগ।মেলার এক প্রান্তে রয়েছে জাদু খেলার স্টেজ। সেখানে একজন জাদু প্রদর্শন করছিলেন। একই স্টেজে তিন নারীকে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায়। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে আয়োজক কমিটির এক সদস্য ওই নারীদের সতর্ক করেন। এরপর তারা অঙ্গভঙ্গি বন্ধ করে দাঁড়িয়ে থাকেন।মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক স্কুলপড়ুয়া শিক্ষার্থী রয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর জাদু খেলা ও বিভিন্ন বিনোদনমূলক খেলনায় অংশ নিতে শিশু-কিশোরদের ভিড় বাড়ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।মেলার আয়োজনের অনুমোদন নিয়ে আয়োজকদের বক্তব্যেও অস্পষ্টতা পাওয়া গেছে। আয়োজক কমিটির সদস্য জামিনুর রহমান বলেন, ‘মেলার জন্য ১৬ দিনের অনুমতি নেওয়া হয়েছে।’ তবে অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।মেলায় স্টল বসানো সালাম নামের এক ব্যক্তি মেলার অনুমতি রয়েছে বলে দাবি করেন। তবে অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।এদিকে অনুমোদনের বিষয়টি স্পষ্ট না হলেও মেলা চলমান থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। মেলায় আগত কয়েকজন দর্শনার্থী বলেন, প্রশাসনের অনুমতি না থাকলে কীভাবে প্রকাশ্যে মেলা চলছে এ বিষয়টি তাদের বোধগম্য নয়।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘মেলার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘মেলার বিষয়টি শুনলাম। আমার কাছে অনুমতির কোনো কপি আসেনি। আমরা বিষয়টি দেখছি।’