উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধি: ||
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ফিরেছেন শুক্রবার।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করে।পরে ভূরুঙ্গামারী সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন বাংলাদেশী হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, বাংলাদেশী এই তিন নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে মুক্তি পান। পরে শুক্রবার শেষ বিকেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।ওসি আজিম উদ্দিন আরো যোগ করেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।