উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ||
রংপুরের তারাগঞ্জ বাজারে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯টি মামলা করা হয়। প্রতিটি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন এমদাদুল হক, পিতা মৃত তফিল উদ্দিন; হাসান, পিতা মতিয়ার রহমান; শহিদার, পিতা হান্নান; আলামিন, পিতা গিয়াস উদ্দিন; হৃদয়, পিতা খগেন; শাহিনুর ইসলাম, পিতা আমিন; মোঃ সানজিদ, পিতা শরিফুল ইসলাম; প্রফুল্ল চন্দ্র রায়, পিতা কালা চাঁদ এবং সিদ্দিকুর রহমান, পিতা মৃত আব্দুল আজিজ। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।তিনি বলেন, “নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।