উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চিরিরবন্দর প্রতিনিধি: ||
চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও গাঁজা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড, ২০০ টাকা ও অপর দুইজনকে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদন্ড, ২ হাজার ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধের ওপর চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও দখলে রাখার অবস্থায় প্রদীপ বাবু (২০), মো. নাহিদ হাসান (২০) ও আব্দুল হান্নান (২১)কে আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তিন আসামিকে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।অভিযানে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, মাটির তৈরি গাঁজা সেবনের কলকি এবং একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন প্রদীপ বাবু, পিতা শ্যামবাবু; মো. নাহিদ হাসান, পিতা মো. লিয়াকত আলী এবং আব্দুল হান্নান,পিতা মো. আবু সাঈদ। তারা দিনাজপুর কোতোয়ালী থানার জপেয়া মোলাপাড়া এলাকার বাসিন্দা।অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানিয়াটিকর বাজারের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনরত অবস্থায় দুলাল চন্দ্র রায় (৪০) এবং জিতু কুমার রায় (৩৮)কে আটক করে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক দুইজনকে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদন্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুলাল চন্দ্র রায় নানিয়াটিকর এলাকার রমণীকান্ত রায়ের ছেলে এবং জিতু কুমার রায় নানিয়াটিকর কোণপাড়া এলাকার মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে। অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।