উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধি: ||
কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ছয় দিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। ধারনা করা হচ্ছে ২/১ দিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি। গন্ধ ও মাছির আনাগোনার সূত্রধরে এ ঘটনা মানুষের নজরে আসে। ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেছেন, “আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন বিষয়টি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।”এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকটির পরিচয়, মৃত্যুর কারণ এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।