উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ||
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের সাত হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃক্ষ রোপণে সরকারের বৃহৎ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদ ও নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের যৌথ উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে কারিগরী ও আর্থিক সহযোগিতা প্রদান করছেন ইএসডিও-হেলভেটাস বাংলাদেশের যৌথ প্রকল্প একশন্স টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্প।শনিবার বিকালে উপজেলার নুনখাওয়া ইউনিয়নস্থ পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বাঁধে এই কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির আওতায় সাত হাজার ফলজ, বনজ এবং ঔষধিসহ আম, জাম, কাঠবাদাম, জাতি নিম, বকুল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে।বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি চাষী নুরন্নবী সরকার, চঞ্চল মাহমুদ,নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুক, নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সমাজ সেবক মোখলেছুর রহমান, তাজুল ইসলাম, মাহবুবুর রহমান, একসেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক প্রমুখ।আয়োজকরা জানান, ওয়াপদা বাঁধ ও সড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় এলাকায় সবুজ আচ্ছাদন বৃদ্ধি, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি বৃক্ষ স্থানীয় জনগোষ্ঠীর জন্য ভবিষ্যতে খাদ্য, পুষ্টি ও অন্যান্য সুবিধা সৃষ্টিতে সহায়ক হবে। রোপণের পর গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নুনখাওয়া ইউনিয়ন পরিষদ ভবনে একসেস প্রকল্পের উদ্যোগ ও পরিষদের সহযোগিতায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের নতুন অফিস কক্ষ ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা জলবায়ু পরিষদ ও নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতিগণ এসময় জেলা পরিষদ প্রশাসককে এর বিভিন্ন বিষয় ব্রিফ করে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও অভিবাসনপ্রবণ জনগোষ্ঠীর সহায়তায় এই কেন্দ্রটির সদস্যগণ কাজ শুরু করেছে। আলোচনায় জেলা পরিষদ প্রশাসকের কাছে নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি সোলারবাতি সহ নুনখাওয়া নৌঘাটে যাত্রী ছাউনি এবং কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি জেলার নৌঘাটের নৌকাগুলিতে ছাউনী প্রতিস্থাপনের আহবান জানালে পরিষদ প্রশাসক তা কার্যকরের প্রতিশ্রুতি দেন।স্থানীয় জনগণের অংশগ্রহণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু অভিবাসন কেন্দ্র অভিবাসন প্রত্যাশীদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকগণ।