উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক আলাপন, নিউজ ডেস্ক ||
সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের পরিবর্তিত চাহিদা, পাঠকের দ্রুত তথ্যপ্রাপ্তি এবং সাংবাদিকতার নতুন পরিসরকে সামনে রেখে দৈনিক আলাপনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ পরিবেশনে গতি, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার পাশাপাশি পত্রিকাটির ডিজিটাল সংস্করণকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে সম্মেলনে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহরের একটি অভিজাত হোটেলে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পত্রিকার বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।দৈনিক আলাপনের সম্পাদক ও প্রকাশক আমিনুল হক-এর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক রেজা মাহমুদ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী জাহিদ। পরে ডিজিটাল কার্যক্রম ও সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ডিজিটাল ইনচার্জ মারুফ হোসেন লিয়ন। এছাড়া নীলফামারী অফিস প্রধান এস এ প্রিন্স,নীলফামারী অফিসের আ্যড. আব্দুস সালাম, তারাগঞ্জের দীপক রায়, ডোমারের রতন কুমার রায়, ডিমলার বাসুদেব রায়, খানসামার মজনু আলম, পার্বতীপুরের জলিল সরকার, জলঢাকার রাজা ইসলাম, ঠাকুরগাঁওয়ের এস এম জসিম, বদরগঞ্জের বজলুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রোবায়তুর রহমান, মো.নুরুন্নবী, মোহাম্মদ আলী প্রমুখ। সম্মেলনে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পাঠানোর ক্ষেত্রে প্রতিনিধিদের দায়িত্ব, সংবাদ যাচাই-বাছাই, তথ্যের নির্ভুলতা, সময়োপযোগী সংবাদ পরিবেশন এবং পাঠকের কাছে গ্রহণযোগ্য সংবাদ তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ, জনস্বার্থসংশ্লিষ্ট ও অনুসন্ধানী সংবাদ আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে প্রতিনিধিদের দিকনির্দেশনা দেওয়া হয়।আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দৈনিক আলাপনের ডিজিটাল সংস্করণ। প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকার উপস্থিতি আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।বক্তারা বলেন, বর্তমান সময়ে পাঠকের সংবাদ গ্রহণের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। মানুষ এখন একই ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে চায়। ফলে সংবাদমাধ্যমের জন্য দ্রুততার সঙ্গে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের প্রতিনিধিদের সক্রিয়তা ও পেশাদারিত্বই একটি সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় করতে পারে।সম্মেলনে দৈনিক আলাপনের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও পাঠকবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধিদের নিয়মিত সংবাদ পাঠানোর পাশাপাশি ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্যসহ সংবাদ পাঠানোর বিষয়ে উৎসাহিত করা হয়। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এ সময় প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পত্রিকার পক্ষ থেকেও এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেওয়া হয়।সম্মেলনে বক্তারা আরও বলেন, দৈনিক আলাপন শুধু প্রিন্ট সংস্করণে সীমাবদ্ধ না থেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, শক্তিশালী ও বহুমাত্রিক সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ, নির্ভুল সংবাদ এবং দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দিনব্যাপী মতবিনিময় ও দিকনির্দেশনার মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলনের কার্যক্রম শেষ হয়।