উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:, তারাগঞ্জ ||
রংপুরের তারাগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তারাগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে মো. জামিল হোসেন (৩৫), পিতা—মো. মমিনুল ইসলাম, সাং—তারাগঞ্জ, রংপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম নিয়মের মধ্যে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রি করতে হবে এবং ভোক্তাদেরও অতিরিক্ত মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।