উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ, ঠাকুরগাঁও ||
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান (সুরুজ) ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি এক সফরে ঠাকুরগাঁওয়ে গিয়ে সুগার মিল ট্রেনিং কমপ্লেক্সের সামনে বৃক্ষরোপন, মিলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষীদের সাথে মতবিনিময়, চিনিকল এরিয়ার আখ ক্ষেত পরিদর্শন ও চাষীপ্লটে আখরোপন করেছেন ।এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।জানা যায়, ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ। এরই ধারাবাহিকতায় তিনি ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফর করেন।সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দুপুরে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।এসময় মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারন) তাজিরুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ব্যবস্থাপক (উৎপাদন) হাসানুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন সহ মিলের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও সুগার মিলের অধিগ্রহনকৃত জমিতে নির্মানাধীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএসএফআইসি চেয়ারম্যান। পরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও চিলারং ইউনিয়নের দুইজন আখচাষীর প্লটে আখরোপন করেন ও আখচাষীদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের কারখানা বিভাগ সহ অন্যান্য দপ্তর পরিদর্শন করেন।মিল পরিদর্শনকালে তিনি মিলের দূর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।তাঁর এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।