উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:, গঙ্গাচড়া ||
রংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভার পর সেখান থেকে আনন্দ র্যালিটি বের হয়। র্যালিটি গঙ্গাচড়া বাজার ও থানা মোড়সহ সদর এলাকার প্রধান সড়কগুলো ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকজন শিশু-কিশোরকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে র্যালিতে অংশ নিতে দেখা যায়। ঢাক-ঢোল ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব, গঙ্গাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক কমল কান্ত রায়, প্রিয়নাথ, সিবেন চন্দ্রসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক শ্যামল চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব গজেন চন্দ্র রায়।সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শে সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের শিক্ষা রয়েছে। সমাজে শান্তি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সহনশীলতা ও ভ্রাতৃত্বের চর্চা করতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন চেতনায় সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি অন্যের উৎসবেও সৌহার্দ্যপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।