উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর ব্যুরোঃ, রংপুর ||
রংপুরে সাপ খেলা দেখানোর সময় মন্ত্র পড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।তিনি জানান, বৃধবার রাতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী ইসলামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। এরা হলো, প্রধান আসামি মোঃ আশরাফুল ইসলাম (৪৫), আসামি মোঃ মাবু মিয়া (৩০), মোঃ লেবু মিয়া (৩০) এবং মোঃ এরশাদ আলী (৪০)। গ্রেফতারকৃতরা গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের মোঃ নূর হোসেনের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়ার কাশিয়াবাড়ীর হাট সংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে এক সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছিলেন। খেলার একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধ শুরু হলে অভিযুক্তরাসহ আরও ৯ থেকে ১০ জন সাপুড়েকে মারধর শুরু করে। এ সময় আব্দুল মালেক নামে স্থানীয় এক যুবক সাপুড়েকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেন। এরপর সেই যুবক আব্দুল মালেককে গালাগালিসহ অভিযুক্তরা মারধর শুরু করে। এসময় আব্দুল মালেক চিৎকার করলে তার বাবা এন্দাজ মিয়া ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। এসময় অভিযুক্তরা তাকেও মারধর করেন। ঘটনাস্থলেই এন্দাজ মিয়া নিহত হন।এরপর আব্দুল মালেক বাদী হয়ে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।